দুই নামায একত্রে পড়া
সফর রত অবস্থায় দুই নামায একত্রে পড়া
দুই নামায একত্রে পড়া
নিম্নোক্ত ক্ষেত্রে যোহর ও আসর একসাথে যোহর বা আসরে এবং মাগরিব ও এশা একসাথে মাগরিব বা এশার সময়ে পড়া যায়। এর বাইরে অন্য কোনো নামায একসাথে পড়ার বিধান নেই।
১. আরাফা ও মুযদালিফায় : আলেমগণ একমত যে আরাফায় যোহরের সময় যোহর ও আসর একসাথে এবং মুযদালিফায় এশার সময় মাগরিব ও এশার নামায একত্রে পড়া সুন্নাত।
২. সফরে : সফরে দুই নামায একত্রে পড়ার বিষয়ে অধিকাংশ আলেমের মতে জায়েজ- চাই চলমান অবস্থায় হোক বা যাত্রাবিরতি করার সময়ে হোক।
৩. বৃষ্টি-বাদলার সময় : ইমাম বুখারি বর্ণনা করেছেন, রসূলুল্লাহ (সা.) বৃষ্টির রাতে মাগরিব ও এশা একত্রে পড়েছেন।
৪. রোগ ও ওযরের কারণে : বিভিন্ন রকম ওযরে ও ভয়-ভীতিতে ইমামদের কেহ কেহ দুই নামায একত্রে পড়ার অনুমতি দিয়েছেন।
৫. সাধারণ প্রয়োজনে দুই নামাযকে একত্রে আদায় করা : এর সমর্থনে ইবনে আব্বাস (রা.) বর্ণিত দীর্ঘ হাদিসটি হলো-
রসূলুল্লাহ (সা.) মদিনায় বসে কোনো বৃষ্টি বা ভীতির কারণ ছাড়াই যোহর ও আসর এবং মাগরিব ও এশা একত্রে পড়েছেন। ইবনে আব্বাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলো : এ দ্বারা তাঁর উদ্দেশ্য কী ছিল? তিনি বললেন : যেন তাঁর উম্মতের জন্য সংকীর্ণতা বা অসুবিধার সৃষ্টি না হয়। বুখারি ও মুসলিম ইবনে আব্বাস (রা.) থেকে আরো বর্ণনা করেছেন : রসূলুল্লাহ (সা.) মদিনায় যোহর ও আসর আট রাকাত এক সময়ে এবং মাগরিব ও এশা এই সাত রাকাত একত্রে পড়েছেন। মুসলিমে আব্দুল্লাহ বিন শাকীক (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন : একদিন আসরের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) আমাদের সামনে ভাষণ দিলেন। ভাষণটি এতো দীর্ঘ হলো যে, সূর্য ডুবে গেল, নক্ষত্রসমূহ দেখা যেতে লাগলো এবং লোকেরা বলতে লাগলো : নামায নামায। এই সময় বনু তাইম গোত্রের এক ব্যক্তি ইবনে আব্বাস (রা.)-এর কাছে এলো এবং অবিরতভাবে ও ধৈর্যহীনভাবে বলতে লাগলো : নামায নামায। ইবনে আব্বাস (রা.) বললেন : তুমি আমাকে সুন্নাত শেখাচ্ছ নাকি? তারপর বললেন : আমি রসূল (সা.)-কে যোহর ও আসর একসাথে এবং মাগরিব ও এশা একসাথে পড়তে দেখেছি। আব্দুল্লাহ ইবনে শাকীক (রা.) বললেন : ব্যাপারটা নিয়ে আমার মনে একটু খটকা লাগলো। তাই আমি আবু হুরায়রার (রা.) কাছে গেলাম। তিনি ইবনে আব্বাসের (রা.) বক্তব্য সমর্থন করলেন।
ফিকহুস সুন্নাহ ১ম খণ্ড ২৪৯-২৫২ পৃষ্ঠা থেকে গৃহিত।
প্রফেসর তোহুর আহমদ হিলালী
Comments are closed, but trackbacks and pingbacks are open.